চট্টগ্রাম, ১ জুলাই: বিএনপি-সমর্থিত জুলাই যোদ্ধাদের সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’-এর চট্টগ্রাম জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। নবগঠিত এ কমিটিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের কথা জানানো হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, গত ৮ জুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম আবির নির্বাচিত হন। নির্বাচিত নেতৃত্বের ধারাবাহিকতায় ১ জুলাই কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করে।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে সহেল সিদ্দিকী রনি, ১ নম্বর সহসভাপতি হিসেবে আরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহিদ হোসেন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক (মহানগর) হিসেবে আব্দুল্লাহ আল শাহেদ, সাংগঠনিক সম্পাদক (উত্তর জেলা) হিসেবে মারুফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ জেলা) হিসেবে রাকিবুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অংশগ্রহণমূলক নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আন্দোলনে সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের সমন্বয়ে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম আবিরসহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে জুলাই যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা, আহত ও ক্ষতিগ্রস্ত যোদ্ধাদের পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। পাশাপাশি জুলাই যোদ্ধাদের সকল যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে সংগঠন সবসময় পাশে থাকবে।
তারা আরও বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়”—এই নীতিকে সামনে রেখে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। চট্টগ্রাম জেলার জুলাই যোদ্ধাদের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।