চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর ইসলামীয়া এমদাদুল উলুম মাদ্রাসা, যা স্থানীয়ভাবে মনকিচর বড় মাদ্রাসা নামে পরিচিত, সেখানে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। তরুণ সমাজকর্মী ও উদ্যোক্তা এনামুল হকের উদ্যোগে এবং এনামুল হক সমর্থক ফোরামের তত্ত্বাবধানে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এ চারা বিতরণ করা হয়।
শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে তাদের সম্পৃক্ত করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

সাহিত্যকর্মী ইলিয়াস বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মনকিচর ইসলামীয়া এমদাদুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মসূচির উদ্যোক্তা এনামুল হক।
চারা বিতরণের আগে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মনিরুল হক ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিদোয়ানুল হক। এ সময় সংবাদকর্মী কাজী শাহরিয়ার, মাস্টার আবু তৈয়ব, সমাজকর্মী মানিক, আক্কাস, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন, বর্তমানে পরিবেশ বিপর্যয় শুধু কোনো একটি দেশ বা অঞ্চলের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকট। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে নিজেদের আগামীকে সুন্দর রাখতে আমাদের যেমন বৃক্ষরোপণ করতে হবে, তেমনি আগামীর ভবিষ্যৎ শিক্ষার্থীদেরও এ কাজে আগ্রহী করে তুলতে হবে। শিক্ষার্থীদের হাতে সবুজ গাছের চারা তুলে দেওয়ার চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না। বর্ষা মৌসুমে সবাই বাড়ির আশপাশে ও খোলা জায়গায় বেশি করে গাছ লাগাই।”
মাদ্রাসার প্রধান পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার মতো ভালো কাজে উৎসাহিত করা গেলে ভবিষ্যতে পরিবেশের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা তৈরির এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি এনামুল হককে ধন্যবাদ জানান।
আয়োজকরা জানান, ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি তাদের গাছের পরিচর্যা ও সংরক্ষণে উৎসাহিত করা হচ্ছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় চারা রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করে।