শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান বিশ্ব জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করতে হবে।
সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়নই জাতীয় উন্নয়নের একমাত্র মাপকাঠি নয়। দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করলেই হবে না; সেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বড় অবকাঠামো নির্মাণের চেয়ে জনগণকে দক্ষ মানবসম্পদে পরিণত করাই হওয়া উচিত মূল লক্ষ্য। উন্নত দেশগুলো তাদের বাজেটের বড় অংশ শিক্ষায় ব্যয় করে। তাই বাংলাদেশের তরুণদেরও বিশ্বের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ অর্জনের জন্য প্রস্তুতি নিতে হবে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিষয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকৌশল কলেজগুলোকে পশ্চিমা বিশ্বের ধারণা অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের অধীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে প্রথম ধাপে সারাদেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের কাজ চলছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন তিনটি বই যুক্ত করা হবে। চতুর্থ শ্রেণিতে ‘সংস্কৃতি ও ক্রীড়া’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দের সঙ্গে শেখা’ নামে নতুন বই অন্তর্ভুক্ত করা হবে। পর্যায়ক্রমে সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণিতেও এসব বিষয় চালুর পরিকল্পনা রয়েছে।
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষের পর্যবেক্ষণ এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনার বিষয়ে গুগলের সঙ্গে আলোচনা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া এবং শিক্ষকদের পাঠদান আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজেদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।