চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে দায়িত্ব দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আমিলাইষ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মামুন মেম্বারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের টিম লিডার বা আহ্বায়ক করা হয়েছে। এ সিদ্ধান্তে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাতকানিয়ার কেরানীহাট হক টাওয়ার এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামুন মেম্বারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে দায়িত্ব দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তাদের আরও অভিযোগ, সাম্প্রতিক বন্যায় আমিলাইষ ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী যথাযথভাবে বিতরণ না করে আত্মসাতের ঘটনাও ঘটেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করেই কীভাবে একজন যুবলীগ নেতাকে ত্রাণ বিতরণ কার্যক্রমের দায়িত্ব দেওয়া হলো, সে বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে তারা ব্যাখ্যা চান।
একই সঙ্গে মামুন মেম্বারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি ত্রাণ বিতরণে অনিয়ম বা আত্মসাতের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত মামুন মেম্বার, সাতকানিয়া উপজেলা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।