সড়ক ও নৌপথে দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা করেছে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট ও পাহাড়িকা বাস কাউন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচিতে সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন ও নৌ আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁরা বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন বন্ধ করতে হবে। নৌযানে যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট নৌ আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে নৌযানের চালক ও মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি এবং সদস্য মো. শাহ আলম ও মো. ইমরান।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য, স্থানীয় যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিকে স্বাগত জানান স্থানীয় পথচারী ও চালকেরা। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক প্রচারণা চালানো হলে সড়ক ও নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়বে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে।