দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু সনদসর্বস্ব বা প্রচলিত একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে।
১১ আগষ্ট (মঙ্গলবার) চট্টগ্রামের হাটহাজারীতে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে নবনির্মিত ‘মীর মোহাম্মদ নাছির উদ্দীন একাডেমিক ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। পরে তিনি নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বর্তমান সময়ের চাহিদা ও বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও টেকসই করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। উন্নত ও শিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জন করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে হলে এখন থেকেই নিজেদের যোগ্য ও মানসম্মত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয় থেকে এসএসসি (সমমান) পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে আগামী এক বছরের সম্পূর্ণ শিক্ষা খরচ ব্যক্তিগতভাবে বহনের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, চট্টগ্রামের মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন হাটহাজারীর সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে আবেগঘন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, হাটহাজারীর মাটির সঙ্গে তার রক্ত ও আত্মার সম্পর্ক রয়েছে। এই হাটহাজারী হাই স্কুলেই তিনি পড়াশোনা করেছেন এবং মাইলের পর মাইল হেঁটে স্কুলে যাতায়াত করেছেন।
অভিভাবক ও এলাকাবাসীর উদ্দেশে মীর নাছির উদ্দীন বলেন, সন্তানদের সৎ, নীতিবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কোনো ধরনের অন্যায় বা অপকর্মের সঙ্গে যাতে তারা জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের নজর দিতে হবে। সততা ও সুশিক্ষায় শিক্ষিত তরুণ প্রজন্মই সমাজের প্রকৃত আলো বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে অন্যায় ও দুর্নীতির কোনো স্থান নেই। কোথাও অন্যায় বা দুর্নীতি দেখতে পেলে তা সংশ্লিষ্টদের জানালে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ব্যারিস্টার ইসরাত নাজনীন নাছির, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।