২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বা শেষ ৩২ নিশ্চিত করা প্রথম দল হলো সহ-আয়োজক মেক্সিকো। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ‘এল ত্রি’রা।
শুক্রবার (১৯ জুন) গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় স্বাগতিক মেক্সিকো। ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার লুইস রোমো।
প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। তবে বিরতির পর ৫০তম মিনিটে আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। মেক্সিকোর আক্রমণ সামাল দিতে গিয়ে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ নিজের ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে বলের নিয়ন্ত্রণ হারান। সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে জোরালো ভলিতে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন লুইস রোমো।
রোমোর ওই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো, আর উল্লাসে মেতে ওঠে গুয়াদালাহারার গ্যালারি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো। ফলে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে অবস্থান করছে স্বাগতিকরা।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। গ্রুপের অপর দুই দল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় তাদের ঝুলিতে রয়েছে ১ পয়েন্ট করে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যায় মেক্সিকোর।
ঘরের মাঠে টানা দুই জয় এবং দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার মধ্য দিয়ে বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে স্বাগতিক মেক্সিকো। এখন তাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাত্রা শুরু করা।