মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মমতাময়ী মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তিনি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বাবা-মায়ের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারতকালে প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং পারিবারিক স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সরকারের মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, দলীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে শনিবার দেশে ফিরে তিনি রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সর্বপ্রথম বাবা-মায়ের মাজার জিয়ারত করেন।
সংশ্লিষ্টদের মতে, বিদেশ সফর শেষে দেশের মাটিতে ফিরে পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মূল্যবোধ ও পারিবারিক ঐতিহ্যের প্রতিফলন। এ উপলক্ষে জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।