সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ বিন আখন্দ। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই।
জাতীয় দৈনিক দিনকাল-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা বিআরডিবি হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অতিথি ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বায়েজিদ বিন আখন্দ বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের নানা সমস্যা তুলে ধরে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের আস্থা। সেই আস্থা ধরে রাখতে সাংবাদিকদের কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। পাশাপাশি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার জন্যও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের ১ নম্বর সহসভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাব্বির আহমেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এস এম জাকারিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মো. সালেহ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।
অনুষ্ঠানে লোহাগাড়া প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সাবেক সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজ, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম হোছাইন মেহেদী, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম, দৈনিক দিনকাল পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আরমানুল ইসলাম নবাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান, লোহাগাড়া প্রেস ইউনিটের সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি মানুষের অধিকার, সমাজের অনিয়ম এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরের জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাই গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল ও জনবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে দেশ ও মানুষের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ইউএনও মো. বায়েজিদ বিন আখন্দ।