শিরোনাম
নবীনদের বরণে নাঙ্গলমোড়া শামছুল উলুম মাদরাসায় উৎসবমুখর আয়োজন বন্যার্তদের পাশে সরকার, বাঁশখালীতে ৫১০ পরিবার পেল সহায়তার চেক জন্মদিনে বিশেষ ফটোশুট, বলিউডি আয়োজনে মৌ রহমান সীতাকুণ্ড থেকে আনোয়ারা, ২৫ বছরের মহাপরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রামের নগরচিত্র ৬ ইউনিয়ন নিয়েই উত্তর সাতকানিয়া থানা, অন্য এলাকা নয় ৩৫ বছর ধরে বসবাস, উচ্ছেদে বাধা: সীতাকুণ্ডে রেলওয়ের অভিযান স্থগিত ‘সবার আগে বাংলাদেশ’ থেকে এখন ‘সবার জন্য বাংলাদেশ’—এ্যানি অটোমেশনের পথে চট্টগ্রাম বন্দর, তবু কমছে না হয়রানি টেন্ডারে বাদ, পরে অপারেটর—কীভাবে? কুতুবদিয়া-বহির্নোঙরে জাহাজ বরাদ্দ নিয়ে চট্টগ্রাম বন্দরে নতুন বিরোধ পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বন্যার্তদের পাশে সরকার, বাঁশখালীতে ৫১০ পরিবার পেল সহায়তার চেক

বার্তা টুডে চট্টগ্রাম / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, বন্যার সময় সরকারের পক্ষ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি সহায়তা কার্যক্রমে কোনো ত্রুটি বা ঘাটতি থেকে থাকলে সরকারের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক ভারী বর্ষণ ও বন্যায় বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছেন। বন্যার সময় জেলা প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্রাণের সংকট দেখা দিলে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই জেলা পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং জনগণের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি বাঁশখালীতে এসেছেন। বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও সহযোগিতার প্রয়োজন ছিল। সে কারণে তাদের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবর রহমান শামীম বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার বিষয়ে প্রস্তাব দেন। ওই প্রস্তাবের ভিত্তিতে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা করা হচ্ছে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিদ্যুৎ, গ্যাস, সড়ক যোগাযোগ, শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়কের উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি ৩৪ ফুট প্রশস্ত করে চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে কয়েকশ কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তিনি তাঁর রাজনৈতিক দলের নেতৃত্ব ও সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন। তাঁর বক্তব্যে বিএনপির রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মসূচির প্রসঙ্গও উঠে আসে।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি ও চট্টগ্রাম স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীরা।

অনুষ্ঠান শেষে বাহারছড়া ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। মোট ৫১০ জন উপকারভোগীকে এ সহায়তা দেওয়া হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ