সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রাম প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘চট্টগ্রাম ক্লাব ইউএই’। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুবাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে চট্টগ্রামের দুই সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ও এনামুল হক এনামের উপস্থিতিতে সংগঠনটির সংক্ষিপ্ত নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আলহাজ্ব ইয়াকুব সৈনিক, সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিক, সিনিয়র সহসভাপতি হিসেবে ব্যবসায়ী মঞ্জুরুল হক, সহসভাপতি হিসেবে শাহাদাত হোসেন ও নিজাম উদ্দিন হাসান এবং অর্থ সম্পাদক হিসেবে জুলফিকার ওসমান সিআইপি’র নাম ঘোষণা করা হয়। এছাড়া চট্টগ্রামের সকল সংসদ সদস্যকে সংগঠনটির পৃষ্ঠপোষক হিসেবে রাখা এবং স্থানীয় বিজ্ঞ ও গুণী ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু সুফিয়ান এমপি প্রবাসে চট্টগ্রামবাসীর ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অন্যদিকে এনামুল হক এনাম এমপি দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত চট্টগ্রামবাসীর সুখ-দুঃখ ভাগাভাগি, সামাজিক কর্মকাণ্ড ও মানবিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই ক্লাবটি পরিচালিত হবে।
নবগঠিত সংগঠনের সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে এবং কমিউনিটি নেতা ও জার্নালিস্ট ফোরাম ইউএইর সিনিয়র সহসভাপতি এম এনাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মো. সালাউদ্দিন, মীর কামাল, সেলিম রেজা, সিআইপি হেলাল, জাহাঙ্গীর আলম সিআইপি, আবুল বাশার সিআইপি, সিরাজুল ইসলাম নবাবসহ আমিরাতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী জানুয়ারি মাসে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম ক্লাব ইউএই’র অভিষেক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়া একই অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ২০ জন সেরা প্রবাসী চট্টগ্রামি রেমিট্যান্স প্রেরণকারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।