জাতি গঠনে নৈতিক ও আদর্শিক শিক্ষার কোনো বিকল্প নেই। একটি শিক্ষিত, সচেতন ও মর্যাদাশীল জাতি গড়ে তুলতে হলে আগামী প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন, মানবিকতা, সততা ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত প্রজন্মই ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এস এ ফ্যামিলি এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম এসব কথা বলেছেন।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় আল-হামিম ইনস্টিটিউট মিলনায়তনে এস এ ফ্যামিলি এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ শাহ আলম বলেন, আল-হামিম ইনস্টিটিউট, আন-নিসা একাডেমি ও তাওহিদুল উম্মাহ মাদরাসা নৈতিক ও আদর্শিক শিক্ষার প্রচার-প্রসারে একটি সম্মিলিত প্রয়াস। এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের সুশিক্ষিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন, আদর্শবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলা। আগামী প্রজন্মকে যথাযথ নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া কঠিন হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো কিংবা পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, চারিত্রিক গঠন, শৃঙ্খলাবোধ এবং মানবিক মূল্যবোধ তৈরির প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।
সভায় বক্তব্য রাখেন এস এ ফ্যামিলির ডিরেক্টর ইয়াসমিন আলম, আল-হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আন-নিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এবং তাওহিদুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ।
মতবিনিময় সভায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষকরা তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে পাঠদানের গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক শিক্ষার চর্চা জোরদার এবং শিক্ষা কার্যক্রমে আধুনিক ও কার্যকর পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ইতিবাচক শিক্ষা পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ তৈরির পাশাপাশি তাদের সত্যবাদিতা, পরোপকার, শিষ্টাচার, সহনশীলতা ও দেশপ্রেমের মতো গুণাবলি বিকশিত করতে হবে।
তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি নৈতিক অবক্ষয় রোধ করা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনে নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।
মতবিনিময় সভায় বক্তারা আল-হামিম ইনস্টিটিউট, আন-নিসা একাডেমি ও তাওহিদুল উম্মাহ মাদরাসার শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নয়ন এবং আগামী প্রজন্মকে আদর্শবান, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।