শিরোনাম
১৭ বছর আগের হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৫ বছরের কারাদণ্ড ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে সর্বোচ্চ প্রস্তুতি রেলের ডিবি অভিযানে অস্ত্র-গুলিসহ বড় সাজ্জাদ ও রায়হান বাহিনীর দুই সদস্য গ্রেফতার ধর্ষণের পর শিশু রামিসা হত্যা ও বাকলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন কোরবানির ঈদে সড়কে গরুর হাট না বসানোর আহ্বান সচেতন নাগরিক ফোরামের চট্টগ্রাম বন্দরে যানবাহনের গেট পাস সহজীকরণে ৫ গেটে বুথভিত্তিক সেবা চালু ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ভোট বর্জনের আহ্বান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আনোয়ারায় চিকিৎসার নামে প্রতারণা: অবৈধ ডেন্টাল কেয়ারে বাড়ছে ভোগান্তি সাংসদ আবু সুফিয়ানের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা, আবাসন খাতের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বিরোধে চেম্বার জজ আদালতের আদেশ, বহাল থাকছে পূর্বের অবস্থান
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা দিয়ে ব্যতিক্রমী সংবাদ সম্মেলন চট্টগ্রাম ডিসির

বার্তা টুডে ডেস্ক / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

কোনো জেলা প্রশাসক (ডিসি) সাধারণত দায়িত্ব পালনের ছয় মাস পূর্তিতে সাংবাদিকদের সামনে এসে নিজের কাজের হিসাব তুলে ধরেন না। তবে সেই প্রচলিত ধারা ভেঙে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শুধু প্রশাসনিক কর্মকাণ্ড তুলে ধরেননি, বরং সাংবাদিকদের কাছ থেকে সরাসরি মতামত ও সমালোচনাও আহ্বান করেছেন।

বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে “স্বচ্ছতা ও জবাবদিহিতার ৬ মাস” শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়। এর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক থাকাকালেও একই ধরনের উদ্যোগ নিয়েছিলেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে ভিডিওচিত্রের মাধ্যমে গত ছয় মাসে জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এতে মানবিক উদ্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাংস্কৃতিক আয়োজন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি এবং গণশুনানির বিভিন্ন দিক স্থান পায়।

ভিডিওচিত্রে দেখানো হয়, ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়। জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগও নেওয়া হয়। সংবাদ সম্মেলনে নির্বাচনকে “অভিযোগহীন ও হতাহতবিহীন” হিসেবে উল্লেখ করা হয়।

এ সময় আলোচনায় আসে জঙ্গল সলিমপুরে পরিচালিত অভিযানও। দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলদারিত্ব ও অপরাধচক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাটিকে “রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র” হিসেবে উল্লেখ করেন জেলা প্রশাসক।

মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত অভিযানে কোনো প্রাণহানি ছাড়াই এলাকা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরবর্তীতে সেখানে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়েছে।

এ ছাড়া ডিসি পার্কে ফুল উৎসব, ডিসি হিলে বাংলা নববর্ষ উদযাপন এবং ঈদুল আজহা উপলক্ষে “ফেস্টিভ সেল” চালুর উদ্যোগও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

জ্বালানি সংকট মোকাবিলায় নেওয়া পদক্ষেপ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, অবৈধ মজুদ ও চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দের তথ্যও উপস্থাপন করা হয়।

গত ছয় মাসে ভূমি উদ্ধার, শ্রমিক অধিকার নিশ্চিতে কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, সংস্কৃতি চর্চা, কারাগারে মানবিক উদ্যোগ এবং প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানির মতো কার্যক্রম বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়।

তবে সংবাদ সম্মেলনের সবচেয়ে আলোচিত অংশ ছিল জেলা প্রশাসকের আত্মসমালোচনামূলক বক্তব্য। তিনি বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছেন কি না, সেটি জানতে এবং আরও কার্যকরভাবে কাজ করতে গণমাধ্যমকর্মীদের মতামত জানতে চান।

তিনি বলেন, “সমাজের বাস্তব চিত্র সবচেয়ে বেশি তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। তাঁদের পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নিজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি। জেলা প্রশাসক বলেন, “প্রত্যেক মানুষের মাঝেই কিছু সীমাবদ্ধতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। তবে আমরা যে দায়িত্বে থাকি, সেখানে শতভাগ উজাড় করে দিয়ে কাজ করার চেষ্টা করি।”

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “গত ছয় মাসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীরা যেভাবে সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা, সমালোচনা ও পরামর্শ আমাদের আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামে যোগদানের পর থেকেই জেলাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করছি। আগামীতে মানুষ কী ধরনের প্রশাসন চায় এবং আমরা কতটুকু সেবা দিতে পারছি, সেটি জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “কোনো কাজ খারাপ লাগলে সেটিও বলবেন, যাতে আমরা নিজেদের সংশোধন করতে পারি।”

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল করিম কচিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ