শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি পরিবহন শ্রমিক ফেডারেশনের চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, চিহ্নিত ৯ ওয়ার্ডের নানা সমস্যা পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ওয়াগ্গা ইউনিয়নের উন্নয়নে ৮ দফা পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম ফাহাদ চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের দাবিতে পটিয়ায় মহাসড়ক অবরোধ জিয়া-খালেদার পর এবার জাতিসংঘে তারেক রহমান গোমদণ্ডী পাইলট মডেল স্কুলে দায়িত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ১৭ ফ্যাশন হাউজের তারকাখচিত আয়োজনে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক রেললাইন অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান দেওয়ার উদ্যোগ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণে সর্বোচ্চ প্রস্তুতি রেলের

জাহাঙ্গীর আলম / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শনিবার (২৩ মে) থেকে শুরু হয়েছে ট্রেনের আনুষ্ঠানিক ঈদযাত্রা। ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

তিনি বলেছেন, রেলের বর্তমান প্রস্তুতি ও ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই।

২৩ মে (শনিবার) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলসচিব জানান, ঈদ উপলক্ষে ট্রেন চলাচল, যাত্রীসেবা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন ট্রেনের শিডিউল, যাত্রীচাপ ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছে কর্তৃপক্ষ। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, গত ঈদুল ফিতরে সামগ্রিকভাবে রেলের ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল। তবে পশ্চিমাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হওয়া এবং কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় লেভেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের মতো দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এ ছাড়া বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

লোকোমোটিভ সংকট মোকাবিলায় আগাম পরিকল্পনার কথা তুলে ধরে রেলসচিব বলেন, মিটারগেজ লোকোমোটিভের কিছু সংকট রয়েছে। বিষয়টি মাথায় রেখে ঈদের আগেই কার্যকর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের সময় অন্তত ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৭৮ থেকে ৭৯টি লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং খুব দ্রুত এ সংখ্যা ৮০-এর বেশি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।

টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ রোধে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সাধারণত টিকিট ছাড়া যাত্রীরাই ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি করে। তাই স্টেশন এলাকায় নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ঈদে অতিরিক্ত যাত্রীচাপের বিষয়টি উল্লেখ করে রেলসচিব বলেন, বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়ায় রেলের ওপর বাড়তি চাপ তৈরি হয়। সেই চাপ সামাল দিতে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। তবে চাহিদার তুলনায় রেলের সক্ষমতা সীমিত হওয়ায় শতভাগ চাহিদা পূরণ করা সম্ভব হয় না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, র‌্যাব ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি। কমলাপুরসহ গুরুত্বপূর্ণ স্টেশন এলাকায় ছিনতাই, পকেটমার ও যাত্রী হয়রানি ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি।

রেলসচিব আরও জানান, যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা জরুরি সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ