বৈরী আবহাওয়া ও প্রতিকূল উড্ডয়ন পরিস্থিতির কারণে মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) চট্টগ্রামগামী তিনটি ফ্লাইটের স্বাভাবিক পরিচালনায় বিঘ্ন ঘটেছে। এর মধ্যে আন্তর্জাতিক দুটি ফ্লাইট নিরাপত্তার স্বার্থে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হয়ে অবতরণ করে। অপরদিকে একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে পুনরায় ঢাকায় ফিরে যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইট BS350 বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
একই কারণে এয়ার আরাবিয়ার শারজাহ থেকে চট্টগ্রামগামী ফ্লাইট G9-526-ও নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে ঢাকায় ডাইভার্ট হয়ে অবতরণ করে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রামগামী ফ্লাইট BG121 চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের অনুকূল পরিবেশ না থাকায় পুনরায় ঢাকায় ফিরে যায়।
বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে বিরূপ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপদ অবতরণ নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই ফ্লাইটগুলো ডাইভার্ট বা ফিরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়ার উন্নতি সাপেক্ষে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।