শিরোনাম
নতুন জিএম পূর্বাঞ্চলের সঙ্গে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত ভাড়া কার্যকর, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবি রুহুল কবির রিজভীর সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বিদায়ের আবেগে সুবক্তগীন, নতুন প্রত্যাশায় মামুনুল ইসলাম চট্টগ্রামে ১০০ পানির এটিএম বুথ স্থাপনে ওয়াসা-ওয়াটারএইডের চুক্তি হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সৈনিক নিহত; আহত কর্মকর্তা ঢাকায় লায়ন্স-লিও ইউনাইটেড স্টারসের চার্জ হস্তান্তর ও চার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত ৩০–৪০ বছর পর অবহেলিত রেলপথে বড় পুনর্বাসন উদ্যোগ রাঙামাটিতে কসমসের চতুর্থ তলায় ভয়াবহ আগুন, পুড়ল রুস্টপ রেস্টুরেন্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নির্ধারিত ভাড়া কার্যকর, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবি

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধের দাবিতে ক্যাবের র‌্যালি / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া এবং পরিবহন খাতে নৈরাজ্যের প্রতিবাদে নগরীর বহদ্দারহাটে প্রতিবাদী র‌্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ক্যাব চট্টগ্রাম নগর ও বিভাগ এবং যুব ক্যাব চট্টগ্রামের উদ্যোগে বহদ্দারহাট চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবী, সমাজকর্মী ও সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য, গ্যাস সংকট কিংবা পরিচালন ব্যয় বৃদ্ধির অজুহাতে যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। গণপরিবহনের ভাড়া সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে এবং নির্ধারিত সেই ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করতে হবে। ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে তা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পুনর্নির্ধারণ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ক্যাব কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন রুটে বাস, মিনিবাস, টেম্পু ও হিউম্যান হলারসহ গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এ ধরনের ভাড়া নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জ্বালানি বা পরিচালন ব্যয় বেড়ে থাকলে পরিবহন মালিকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরতে হবে। কর্তৃপক্ষ প্রয়োজন বিবেচনা করে নিয়মতান্ত্রিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে পারে। কিন্তু নির্ধারিত ভাড়া কার্যকর থাকার পর পরিবহন মালিক বা শ্রমিকদের ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।

নাজের হোসাইন বলেন, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও নিম্নআয়ের বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন গণপরিবহনের ওপর নির্ভর করে চলাচল করেন। তাঁদের কাছ থেকে প্রতিদিন অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তা সরাসরি তাঁদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয়। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য এ বাড়তি ব্যয় বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, শুধু অতিরিক্ত ভাড়া আদায় নয়, অনেক সময় নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া, যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও রয়েছে। এসব অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ক্যাবের এই নেতা বলেন, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেই সমস্যার সমাধান হবে না। নিয়মিত তদারকি, অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি গণপরিবহনে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে, যাতে যাত্রীরা সহজেই ভাড়া সম্পর্কে জানতে পারেন।

তিনি চট্টগ্রাম নগরীতে শিক্ষার্থীদের জন্য ঢাকার মতো হাফ ভাড়া কার্যকর করার দাবি জানান। পাশাপাশি নগরীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং যাত্রীসেবার মান উন্নয়নে বিআরটিসির আরও বাস চট্টগ্রামের বিভিন্ন রুটে নামানোর দাবি জানান তিনি।

কর্মসূচিতে বক্তারা বলেন, গণপরিবহন পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। যাত্রীদের অধিকার নিশ্চিত করতে ভাড়া নির্ধারণ, ভাড়া আদায় এবং পরিবহন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তাঁরা বলেন, বর্তমানে গণপরিবহন ব্যবহারকারীদের বড় একটি অংশ নিয়মিত অতিরিক্ত ভাড়া দেওয়ার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার দ্বিগুণ পর্যন্ত আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ পরিস্থিতিতে শুধু যাত্রীদের অভিযোগের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন রুটে গণপরিবহনে তদারকি চালানো প্রয়োজন।

বক্তারা আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। গণপরিবহন খাতে নৈরাজ্য চলতে থাকলে এর প্রভাব শুধু যাত্রীদের ওপর নয়, সামগ্রিক নগরজীবন ও অর্থনীতির ওপরও পড়ে। তাই পরিবহন মালিক, শ্রমিক, প্রশাসন এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মসূচি থেকে নির্ধারিত ভাড়া কার্যকর, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, যাত্রী হয়রানি রোধ, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু, নির্ধারিত গন্তব্যে যাত্রী পরিবহন এবং গণপরিবহনে নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।

যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় কর্মসূচিতে সমাজকর্মী ও ক্যাব সদস্য মিটুল দাস গুপ্ত, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সাধারণ সম্পাদক ইসমাইল ফারুকী, পলিসি অ্যাডভোকেসি গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান মিটু, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার লায়ন ওসমান সরওয়ার, ক্যাব সদরঘাটের মোস্তফা, ক্যাব পশ্চিম ষোলশহরের এস এম আবদুল আওয়াল, ক্যাব সদস্য মাস্টার মোহাম্মদ ইউসুফ এবং যুব ক্যাব চট্টগ্রামের সদস্য রাইসুল ইসলাম, রায়হান উদ্দীন, মো. পারভেজ, সিদরাতুল মুনতাহা, মো. মামুনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ