
স্থায়ী ক্যাম্পাসের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে উত্তরাঞ্চল-ঢাকা রেলপথ অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
শিক্ষার্থীরা জানান, ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে তারা রোববার (১০ আগস্ট) হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় আজ রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এর আগে সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা–পাবনা মহাসড়ক অবরোধ করে পাঁচটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ আগস্ট) একই স্থানে সেমিনারও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে এ দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। গত ১৯ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মহাসড়ক অবরোধসহ টানা কর্মসূচির পর সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’-এর কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে আবারও আন্দোলন শুরু হয়।