চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন আগামীকাল বুধবার (১৭ জুন) আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। এদিন তিনি সিডিএর প্রধান কার্যালয় চউক ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেওয়ার পাশাপাশি সংস্থার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
সিডিএ সূত্রে জানা গেছে, সকাল ৯টায় চউক ভবনে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি পর্বে অংশগ্রহণ করবেন নবনিযুক্ত চেয়ারম্যান। পরে তিনি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণে বের হবেন।
কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে নগরের প্রবর্তক মোড় এলাকায় চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করবেন তিনি। এ সময় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, চলমান কার্যক্রম এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হবেন।
এরপর সিডিএ বাস্তবায়নাধীন কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন করবেন চেয়ারম্যান। পাশাপাশি নগরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে আগ্রাবাদ ডেবারপাড় এলাকায় প্রস্তাবিত র্যাম্প নির্মাণস্থলও ঘুরে দেখবেন তিনি।
নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের সকাল ১১টা ১৫ মিনিটে প্রবর্তক মোড়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সিডিএ। এ সময় চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় এবং প্রকল্প পরিদর্শন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
সিডিএ আরও জানিয়েছে, চেয়ারম্যান চউক ভবন থেকে প্রকল্প এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হলে গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে সংশ্লিষ্ট প্রেস গ্রুপে তাৎক্ষণিক আপডেট প্রদান করা হবে।
নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের দায়িত্ব গ্রহণের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন চলমান অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।