মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমানের জন্মদিন আজ ২৪ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটি ঘিরে নানা আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। জন্মদিন উপলক্ষে করেছেন বিশেষ ফটোশুট। পাশাপাশি বলিউড তারকাদের আদলে জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করেছেন এই অভিনেত্রী।
জন্মদিনের বিশেষ মুহূর্ত ও পরিকল্পনা প্রসঙ্গে মৌ রহমান জানান, বিশেষ দিনটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন তিনি। আপনজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেই জন্মদিন উদযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তারকা।

আরটিভির ‘লুক অ্যাট মি’ ম্যাগাজিনের মডেল হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন মৌ রহমান। এরপর ‘সাদাকালো’, ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’, ‘পুরবী জুয়েলার্স’সহ বেশ কয়েকটি নামীদামি প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা। কোকোলা ক্রিম বিস্কুটের বিজ্ঞাপনচিত্রসহ আরও বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
মিউজিক ভিডিওতেও কাজ করেছেন মৌ। কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’ এবং মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন তিনি।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন মৌ রহমান। সকাল আহমেদ পরিচালিত ‘শান্তিপুরে অশান্তি’ এবং রিপন নাগ পরিচালিত চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছাও রয়েছে মৌ রহমানের। তবে গল্প ও চরিত্রের ক্ষেত্রে নিজের পছন্দকে গুরুত্ব দিতে চান তিনি। এ প্রসঙ্গে মৌ বলেন, ‘মনের মতো গল্প হলে সিনেমাতে কাজ করার ইচ্ছে আছে।’
শোবিজে আসার পেছনের গল্প বলতে গিয়ে মৌ রহমান জানান, তার বাবা চেয়েছিলেন তিনি ডাক্তার হবেন। কিন্তু হঠাৎ করেই কীভাবে মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেলেন, সেটি এখনো তার নিজের কাছেও অনেকটা বিস্ময়ের। তার ভাষায়, ‘বাবা চেয়েছিলেন ডাক্তার হবো। কীভাবে যে হঠাৎ করে মিডিয়ায় যুক্ত হয়ে গেলাম, আমি আসলে নিজেও জানি না।’
মৌ রহমানের বাবা একজন ব্যবসায়ী। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। বর্তমানে শান্তা মারিয়ামে ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছেন। মডেলিং, অভিনয় ও ফ্যাশন ডিজাইনের পড়াশোনা—সবকিছু মিলিয়ে নিজের ক্যারিয়ারকে আরও এগিয়ে নিতে চান তিনি।